বশেমুরবিপ্রবির চুরি যাওয়া ৩৪টি কম্পিউটার ঢাকায় উদ্ধার

১৪ আগষ্ট, ২০২০ ১৬:৩৫  
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) থেকে চুরি হওয়া ৪৯টি কম্পিউটারের মধ্যে ৩৪টি ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে এ ঘটনায় জড়িত সন্দেহে ময়মনসিংহ জেলার চোরখাই গ্রামের মইজউদ্দিনের ছেলে হুমায়ূন (৩৬) ও কুমিল্লা জেলার তিতাস উপজেলার ইদারচর গ্রামের সেলিম মিয়ার ছেলে দুলালকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার বনানী থানা ও গোপালগঞ্জ থানা পুলিশ মহাখালীর ‘জিসার ইন্টারন্যাশনাল’ হোটেলের একটি রুম থেকে ৩৪টি কম্পিউটার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার এসআই মিজানুর রহমান জানান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক দুইজন ছাড়াও গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান লাচ্চু শরীফের ভাই পলাশ শরীফসহ একটি চক্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার চুরির সঙ্গে সম্পৃক্ত। সন্দেহ ভাজন পালাশ ঘটনার পর থেকে পলাতক থাকায় তাকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন মামলার মামলার তদন্তকারী কর্মকর্তা। কম্পিউটার চুরির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গঠিত ৭ সদস্যের কমিটি তদন্ত চালিয়ে যাচ্ছে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. রাজিউর রহমান বলেছেন, এ ঘটনায় জড়িতরা যত শক্তিশালী হোক না কেন সেটা খুঁজে বের করা হবে।